
নিজস্ব প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে কোয়ান্টাম ফাউন্ডেশনের ৬০ স্বেছাসেবক। শনিবার (১২ এপ্রিল) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্বেচ্ছাসেবকেরা জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ও রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, প্লাস্টিক বোতলসহ আবর্জনা পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন। ভর্তি পরীক্ষার তিন দিনই এ পরিষ্কার অভিযান চলবে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে পরীক্ষা চলাকালে সকলের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করা সম্ভব বলে জানানা তারা।
এ বিষয়ে কোয়ান্টাম ফাউন্ডেশন কো-অরগানিয়ার মো. মাহমুদ হাসান তুষার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার পঞ্চম বারের মতো কিছু সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি। আমাদের এখানে ৬০ জন সেচ্ছাসেবী কাজ করছে। এছাড়াও আমাদের এদিকে মেডিকেল সেবা, যেখানে সার্বক্ষণিক ডাক্তার আছে, অক্সিজেন আছে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য হুইল চেয়ার আছে এগুলো নিয়ে আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। আমরা গত পাঁচ বছর ধরে এমন কার্যক্রম করছি শুধু সমাজকে একটি শুভ বার্তা দেওয়ার জন্য। এখানে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের লোকেরাই কাজ করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ এপ্রিল ‘বি’ ইউনিট, ১৯ এপ্রিল ‘এ’ ইউনিট এবং ২৬ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের ন্যায় এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে।







