
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়ন জমা শেষে আসাদুজ্জামান আসাদ সাংবাদিকদের বলেন, জীবনে প্রথম বার আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে প্রার্থী হয়েছি, এতে আমার সময় লেগেছে ৩৪ বছর। ৩৪ বছর রাজনীতির পথচলার পর প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখে পবা-মোহনপুর আসনে মনোনয়ন দিয়ে কৃতার্থ করেছেন। এ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রতি কৃতজ্ঞতা জানাই।
মনোনয়ন জমা দেয়ার সময় আসাদুজ্জামানের সাথে তার বাবা, প্রবীন আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানজাল হোসেন, সদস্য ফরুক হোসেন ডাবলু, শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এদিকে, দুপুরে আসাদুজ্জামান আসাদ রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও মনোনয়নপত্র জমা দেন।







