
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ আখ্যা দিয়ে তাদের দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভিন্ন ভাঙচুরের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, “রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। অনাকাঙ্ক্ষিতভাবে যারা এই স্থাপনা ধ্বংস করেছে, তারা পুরো রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত হেনেছে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন সরকারের বাহিনীর হামলা ও তাণ্ডলেরও নিন্দা জানান তিনি। মন্ত্রী বলেন, গত ৫ আগস্ট রাজশাহী ও ঢাকায় ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে শহীদ সাকিব আনজুমসহ অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছিল। একই কায়দায় ঐতিহ্যবাহী রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রেলস্টেশনে ভাঙচুর ও নাশকতার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যারা এ ঘটনা নিয়ে বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়াচ্ছেন, তাদেরও সতর্ক করে ভূমিমন্ত্রী বলেন, প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, বহিরাগত কোনো শত্রু বা ষড়যন্ত্রকারী চক্রান্ত করার চেষ্টা করলে রাজশাহীবাসী অতীতের মতো ঐক্যবদ্ধভাবে তার উপযুক্ত জবাব দেবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







