
নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৪৮ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন।
রোববার (১০ আগস্ট) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৬১ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৩২৩ জনের ফল পরিবর্তন হয়েছে। পুনর্নিরীক্ষণের আগে জিপিএ-৫ পাওয়া ৭৪ জন তাদের অবস্থান ধরে রেখেছেন। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩৫ জন। ফেল থেকে পাস করেছেন ৪৮ জন, তবে তাদের কেউ জিপিএ-৫ পাননি। এছাড়া ১৬ জনের ফলাফল ‘ফেল’ থেকে পরিবর্তিত হয়ে আবারও ‘ফেল’ হয়েছে।
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের মধ্যে পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে ৮২ দশমিক ১ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ২২ হাজার ৩২৭ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, পুনর্নিরীক্ষণের বিস্তারিত ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।