
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে আড্ডা দিতে এসে যুবদলের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় যুবদল কর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে রাজশাহী নগরীর ঐতিহাসিক বড়কুঠি এলাকার আইন কলেজ মাঠে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় আইন কলেজ মাঠে কয়েকজন যুবদল কর্মী আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ তারা সুমন আলীকে দেখতে পান এবং তাকে চিনে ফেলেন। এরপরই কয়েকজন এগিয়ে গিয়ে সুমনকে ঘিরে ফেলেন এবং ধাক্কাধাক্কির একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এসময় উপস্থিত যুবদল কর্মীরা দাবি করেন, সুমন বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। একপর্যায়ে তার পরনের শার্ট ছিঁড়ে যায় এবং তিনি আঘাত পান। পরবর্তীতে যুবদল কর্মীরা পুলিশে ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। পুলিশ পৌঁছালে সুমনকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
সুমনের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি এক সময় বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।
এ বিষয়ে রাজশাহী নগরীর সংশ্লিষ্ট থানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#ম/শি#।