
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। তবে, যদি আবহাওয়া অনুকূল না থাকে, তাহলে জামাতটি স্থানান্তরিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে মুসল্লিদের সংখ্যা বাড়তে পারে, তাই সেখানে ঈদের দুটি অতিরিক্ত জামাত অনুষ্ঠিত হতে পারে, প্রথমটি ৮টা এবং দ্বিতীয়টি ৮:৩০ মিনিটে।
এ বিষয়ে শাহ মখদুম রূপোশ (রহ.) দরগা স্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাতা জামে মসজিদের খতিব মাওলানা মো. কাওসার হোসাইন। তাকে সহযোগিতা করবেন তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।
রাজশাহীতে দ্বিতীয় প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে মহানগর ঈদগাহ (টিকাপাড়া) এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। যদি বৃষ্টি হয়, তবে জামাতটি পাশের টিকাপাড়া মোহাম্মপুর জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
এছাড়া, সকাল সোয়া ৮টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে তৃতীয় বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়। প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসিরুদ্দিন শেখ জানান, জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জামাতের সুষ্ঠু আয়োজনের জন্য এক সভা করেছে। তবে মসজিদ কমিটিগুলো নিজেদের সুবিধামতো সময় নির্ধারণ করবে এবং তা মাইকিংয়ের মাধ্যমে জানানো হবে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।







