
নিজস্ব প্রতিবেদক,বাঘা: রাজশাহীর বাঘায় আদালতে সাক্ষী দিতে যাওয়ার পথে বাদী ও সাক্ষীদের পথ আটকিয়ে হুমকি-ধমকি ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জিডির তথ্য সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার ঝিনা সরকার পাড়া গ্রামের বাসিন্দা মৃত জহির সরকারের ছেলে জয়নাল (৬৫), মৃত নৈয়ব সরকারের ছেলে ফজলু (৫৫) বিরুদ্ধে জিডিটি করেছেন একই উপজেলার ঝিনা গ্ৰামের সালমা আকতার। (জিডি নং- ৫৫৭, তারিখ: ১১/০৭/২০২৬)।
জিডিতে সালমা আকতার উল্লেখ করেন, তার মেয়ে মোছা: শিলা আক্তারকে ধর্ষনের ঘটনায় ২০২৫ সালের আগস্ট মাসের দ্বীতিয় সপ্তাহে বাঘা আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।
ওই মামলার সাক্ষ্য দেওয়ার জন্য গত ০২/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ৮টার দিকে তিনি তার মেয়ে সহ সাক্ষী সেলেনা বেগম এবং এরশাদকে সাথে নিয়ে রাজশাহী আদালতের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আড়ানী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই আড়ানী রেলওয়ে সড়কের ফাঁকা রাস্তায় আসামিরা তাদের পথ আটকায়। এসময় তারা মামলার সাক্ষী দিতে নিষেধ করে এবং বিভিন্ন ধরনের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এতে ভীত হয়ে তারা আদালতে গিয়ে সাক্ষ্য দিতে পারেননি বলে জিডিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে নিরাপত্তা চেয়ে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি বাঘা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
বাঘা থানার ওসি জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







