
নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিরতণের সময় শেষ হয়েছে আজ বুধবার। এর মধ্যে রাকসু নির্বাচনে ২৩টি পদের বিপরীতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৮২ জন। আর সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে মোট ৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এছাড়া হল সংসদের ১৭টি হলের বিভিন্ন পদে ৭৫৪টি পদে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য জানান।
অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, গতকাল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রাকসু নির্বাচনে ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সিনেট নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সবমিলিয়ে রাকসু ও সিনেট নির্বাচনে ৪৬৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার রাকসু নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন মনোনয়নপত্র নিয়েছেন।
রাকসুর অন্যান্য পদের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৮ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৫ জন ও সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ৫ জন ও সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৪ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৯ জন ও সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৫ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৭ জন ও সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৩ জন ও সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৩ জন এবং সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৪ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৩ জন ও সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিরতণ করা হয়েছে কার্যনির্বাহী সদস্য পদে; যেখানে ৪ পদের বিপরীতে ৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে ছাত্রদল, ছাত্রশিবির, গণ ছাত্রজোট, সচেতন শিক্ষার্থী পরিষদ, আধিপত্যবাদবিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ জাগ্রত ২৪, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, নাজমুস সাকিব প্রভৃতি প্যানেল উল্লেখ করে ২০২ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে কে, কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা জানানো হয়নি। এ ছাড়া কোনো পদ ও প্যানেল উল্লেখ না করে অনেকেই মনোনয়ন ফরম নিয়েছেন। তবে এই সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। মনোনয়নপত্র সংগ্রহের বিস্তারিত তথ্য জানা যাবে মনোনয়নপত্র দাখিলের দিন।
প্রাধ্যক্ষ পরিষদ সূত্রে জানা যায়, হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয় সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের কার্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ১৭টি আবাসিক হল আছে। এর মধ্যে ছাত্র হল ১১টি এবং ছাত্রী হল ৬টি। ১৭টি হলের মধ্যে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৩টি হলের তথ্য পাওয়া গেছে। হল সংসদের ১৫টি পদে ১৫টি হলে মোট মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে ৬৪৯টি।
এর মধ্যে জুলাই ৩৬ হলে ৪২টি, বেগম রোকেয়া হলে ৩০টি, মন্নুজান হলে ৪০টি, বেগম খালেদা জিয়া হলে ২৫টি, তাপসী রাবেয়া হলে ৩৮টি, রহমতুন্নেছা হলে ৩৫টি, শেরে বাংলা হলে ৫০টি, হবিবুর রহমান হলে ৫৩টি, মাদার বখ্শ হলে ৫০টি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬২টি, মতিহার হলে ৫৫টি, বিজয়-২৪ হলে ৪০টি, সৈয়দ আমীর আলী হলে ৪৮টি, নবাব আব্দুল লতিফ হলে ৩৬টি, শহীদ শামসুজ্জোহা হলে ৪৬টি, শহীদ জিয়াউর রহমান হল ৫৪ টি ও শাহ মখদুম হলে ৫০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, গত ২৪ আগস্ট মনোনয়নপত্র বিরতণ শুরু হয়। এরপর চার দফা মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি করে শেষ সময় নির্ধারণ করা হয় গতকাল বুধবার।
ডোপ টেস্টে নমুনা দিয়েছেন ৮৪৭ প্রার্থী
এদিকে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থী হতে হলে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল বুধবার ডোপ টেস্টের শেষ দিন ছিল। গতকাল শেষ দিন ডোপ টেস্টের নমুনা দিয়েছেন ১৫১ জন প্রার্থী। মোট নমুনা দিয়েছেন ৮৪৭ জন প্রার্থী। ডোপ টেস্টের খরচ বহন করছে নির্বাচন কমিশন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, ‘তফসিল অনুযায়ী গতকাল ডোপ টেস্টের শেষ দিন ছিল। মোট নমুনা দিয়েছেন ৮৪৭ জন প্রার্থী। এর মধ্যে কয়েকজনের নমুনা পজিটিভ এসেছে। কোন ক্ষেত্রে পজিটিভ এসেছে, সেটি দেখতে হবে। ঘুম ও অ্যাজমার ঔষধ খাওয়ার জন্যও অনেক সময় রিপোর্ট পজিটিভ আসতে পারে। রিপোর্ট দেখে নির্বাচন কমিশনকে বিস্তারিত জানানো হবে। ডোপ টেস্টের সময় বাড়ানো হবে কি না সেটি নির্বাচন কমিশন বলতে পারবে।’