
নিউজ ডেস্ক : বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গম সরবরাহ চুক্তি করেছে সরকার। সমঝোতা অনুযায়ী, আগামী পাঁচ বছর যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর ৭ লাখ মেট্রিক টন উচ্চমানের গম প্রতিযোগিতামূলক দামে আমদানি করবে বাংলাদেশ।
রোববার (২০ জুলাই) রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জসেফ কে সোয়ার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “এই চুক্তি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আস্থা ও পারস্পরিক বাণিজ্য সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এতে দুই দেশের জনগণই উপকৃত হবেন।”
খাদ্য মন্ত্রণালয় জানায়, দেশের খাদ্যপণ্য সরবরাহ ও পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।







