
ডিবিসি জার্নাল ডেস্ক: ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথিউস কুনহা আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার ইউনাইটেডে (ম্যানইউ) যোগ দিয়েছেন। উলভারহ্যাম্পটনে দুর্দান্ত এক মৌসুমের পর ২৬ বছর বয়সী এই উইঙ্গারকে ক্লাবটি দলে ভেড়ায় রিলিজ ক্লজ অনুযায়ী ৬২.৫ মিলিয়ন পাউন্ডে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,০৩৯ কোটি।
চুক্তি অনুযায়ী, কুনহা ম্যানইউতে থাকবেন ২০২৯ সালের জুন পর্যন্ত, চাইলে এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগও রয়েছে। নতুন ক্লাবে তার সাপ্তাহিক বেতন নির্ধারিত হয়েছে প্রায় আড়াই কোটি টাকা (দেড় লাখ পাউন্ড)।
ম্যানইউতে যোগ দেওয়ার পর প্রতিক্রিয়ায় কুনহা বলেন,
> “আমি যখন ছোট ছিলাম, দাদির বাসায় বসে প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতাম। তখন থেকেই ইউনাইটেড আমার প্রিয় ক্লাব। আজ সেই স্বপ্ন সত্যি হলো। এখন আমার লক্ষ্য কঠোর পরিশ্রম করে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠা এবং ক্লাবকে আবারও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া।”
গত মৌসুমে কুনহা উলভারহ্যাম্পটনের হয়ে ১৭ গোল ও ৬টি অ্যাসিস্ট করেছেন। জাতীয় দলের হয়েও তিনি খেলেছেন ১৫টি ম্যাচ। ইউনাইটেডের হয়ে তার আগমন এমন এক সময়ে, যখন ক্লাবটি টানা ব্যর্থতায় ভুগছে—প্রিমিয়ার লিগে মাত্র ৪২ পয়েন্ট নিয়ে শেষ করেছে ১৫তম অবস্থানে।
এরিক টেন হাগের পরিবর্তে আসা কোচ রুবেন অ্যামোরিমের অধীনে দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন মৌসুমে কুনহার অভিজ্ঞতা ও গতি দলকে নতুন শক্তি দেবে বলেই বিশ্বাস করছে ওল্ড ট্রাফোর্ডের কর্তারা।