
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : নিখোঁজের তিন ঘন্টার পর রাজশাহীর বাগমারায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে সাতটার পরে লোকজন শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়। মৃত শিশুটির নাম ইমন হোসেন (৭)। সে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি গ্রামের কৃষক আমজাদ হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল শিশু ইমন। পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
শিশুর স্বজনেরা জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ইমন পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলছিল। প্রতিদিনই সে শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলে। বিকেল পাঁচটার দিকে শিশুকে অন্যদের সঙ্গে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আশপাশের বাড়িতে খোঁজ করা হয় শিশু ইমনের। পরিবারের সদস্যরা সন্ধান না পেয়ে আশপাশের পুকুর ও ডোবাতে খোঁজ করা শুরু করে।
এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের এক ডোবাতে শিশুর একটা পাদুকা ভাসতে দেখেন খুঁজতে যায় লোকজন। পরে ডোবায় নেমে শিশুর খোঁজ করা হয়। ডোবাদে সন্ধ্যান না পাওয়ায় সেখানে জাল ফেলে শিশুকে উদ্ধারের চেষ্টা চালানো হয়। পাশাপাশি স্থানীয় দমকল বাহিনীকে জানানো হয়। দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই জালে শিশুর লাশটি আটকা পড়ে। পরে অচেতন অবস্থায় শিশুকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত বলে তাকে ঘোষনা দেন।
শিশুর বাবা আমজাদ হোসেন জানান, ডোবাটি গভীর। খেলার ফাঁকে সেখানে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। শিশু ইমন হোসেন যাত্রাগাছী ফাজিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী বলে পরিবারের সদস্যরা জানান। শিশু ইমন হোসেনের মৃত্যুতে পরিবারের পাশাপাশি স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশী অনুমতি নিয়ে শনিবার (৫ জানুয়ারী) সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো আপত্তি বা অভিযোগ নেই বলে তিনি জানিয়েছেন।







