
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারার তাহেরপুরে গাড়ী উল্টে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত গরু ব্যবসায়ীর নাম সাজেদুর রহমান (৩৪)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মকছেদ আলীর ছেলে। শনিবার (২৪ মে) সকাল ৯টার দিকে তাহেরপুরের বুড়ির বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাজেদুর রহমানের পরিবার সুত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে তিনটি গরু নিয়ে সাজেদুর রহমান ইজ্ঞিনচালিত (ভটভটি) যোগে সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ী থেকে পাবনার আতাইকুলা হাটে যাচ্ছিলেন।
তাহেরপুরের বুড়ির বাড়ি মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে সাজেদুর রহমান গাড়ির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । নিহত সাজেদুর রহমান ভটভটি গাড়ীর সামনের অংশে বসা ছিলেন।
নিহত সাজেদুর রহমান প্রকৃত গরু ব্যবসায়ী নয়। তার গোপালপুর বাজারে একটি মুদিরদোকান আছে। কয়েক বছর ধরে সে ব্যবসার পাশাপাশি বাড়িতে গরু পালন করে কোরবানির ঈদের আগে বেশি লাভের আশায় ঢাকা, পাবনাসহ বড় বড় হাটগুলোতে গরু নিয়ে গিয়ে বিক্রি করতেন। এবার পাবনায় যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে পথেই মারা গেলেন।
এ ব্যাপারে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোহায়েল রানা বলেন, সকাল ৯টার দিকে তাহেরপুরের বুড়ির বাড়ি মোড়ে দুর্ঘটনায় দুর্গাপুর এলাকার সাজেদুর রহমান নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছিল। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা গেছেন বলে জানান।







