
নিজেস্ব প্রতিবেদক
নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মন্ত্রিসভার সদস্যরাও অভিনন্দন জানিয়েছেন।
আজ সোমবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৩-১ গোলে নেপালকে হারায় সাবিনা-সানজিদারা।
সুপার-সাব শামসুন নাহার বাংলাদেশকে প্রথম লিড এনে দেন। বিরতির আগেই স্কোরলাইন ২-০ করেন কৃষ্ণা রানী সরকার। শেষদিকে দলের তৃতীয় গোলও করেন টাঙ্গাইলের এ নারী ফুটবলার।
২০১৪ সাল থেকে নিবিড় পরিচর্যায় চ্যাম্পিয়ন দলটা গড়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতদিন বয়সভিত্তিক ফুটবলে সাফল্য পেলেও সিনিয়র পর্যায়ে তার প্রতিফলন ঘটছিল না। এক যুগ ধরে দল নিয়ে কাজ করা কোচ গোলাম রব্বানী ছোটন বলে আসছিলেন, মেয়েরা পরিণত হলে বদলে যাবে দলের চিত্র। কোচের কথা রেখে অবশেষে চিত্রটা বদলে দিলেন সাবিনা-কৃষ্ণারা।