
নিজস্ব প্রতিবেদক: সাহসিকতা, পেশাদারিত্ব, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পেয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, পুলিশি সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং বিভিন্ন উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ ফয়েজুল কবিরকে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হয়েছে।
এদিকে এ অর্জনে আরএমপির সব কর্মকর্তা, সদস্য ও বেসামরিক কর্মচারীদের পক্ষ থেকে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আরএমপির পক্ষ থেকে বলা হয়েছে, এ সম্মাননা শুধু পুলিশ কমিশনারের ব্যক্তিগত অর্জন নয়, এটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্যও গর্ব ও মর্যাদার বিষয়। তাঁর এ অর্জন জননিরাপত্তা ও জনসেবায় আরএমপির কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।







