
ডিবিসি জার্নাল ডেস্ক : মাদারীপুরের ২২ বছর বয়সী তরুণ ফয়সাল মোড়ল পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যুক্ত হয়ে সেনা অভিযানে নিহত হয়েছেন। পরিবারের বরাত দিয়ে জানা যায়, ফয়সাল ২০২৪ সালের মার্চে দেশ ছাড়ার সময় প্রথমে বলা হয়েছিল যে তিনি দুবাই যাচ্ছেন। পরে পরিবারের কাছে তিনি জানিয়েছিলেন, তিনি ইন্ডিয়া হয়ে দুবাই যাচ্ছেন। তবে সত্যি কথা হলো, তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন।
ফয়সালের চাচা আব্দুল হালিম বলেন, “দুই-দেড় বছর আগে সে দেশ ছাড়ে। দেশ থেকে বের হওয়ার পর প্রথমে আমাদের সঙ্গে যোগাযোগ করছিল, বলে যাচ্ছি দুবাই আছে। তবে আমরা পরে জানতে পারি, সে পাকিস্তানে গেছে। পরবর্তীতে তার সাথে যোগাযোগও সীমিত ছিল। তিনি কার সঙ্গে, কীভাবে গেলেন, তা জানাতেন না।”
পরিবারের ধারণা, ফয়সালকে প্রলোভন দেখিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যুক্ত করা হয়েছিল। মায়ের দাবি, “আমার ছেলেকে যারা মেরেছে, তাদের বিচার চাই। এছাড়া ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”
গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া জেলার কারাক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন টিটিপি সদস্য নিহত হন। নিহতদের মধ্যে ফয়সালও ছিলেন। পাকিস্তানি গণমাধ্যমে নিহতদের ছবি প্রকাশের পর পরিবারের পক্ষ থেকে শনাক্ত করা হয়।
ফয়সালের বড় ভাই আরমান মোড়ল বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর গ্রামের মানুষ এতে বিস্মিত ও শোকাহত। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “কেউ যেন এমন নিষিদ্ধ সংগঠনে যুক্ত না হতে পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।”







