
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মোটরের মাধ্যমে পানির লাইন স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের আংরার বিল এলাকার একটি পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম নওপাড়া ইউনিয়নের যুগিশো গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম দিনমজুর হিসেবে স্থানীয় এক চিকিৎসক শরিফের পুকুরে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে মোটরের সাহায্যে এক পুকুর থেকে অন্য পুকুরে পানি নেওয়ার জন্য পাইপলাইন স্থাপনের সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ফিরোজ আলী বলেন, ‘জাহাঙ্গীর দৈনিক মজুরির কাজ করে পরিবার চালাতেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’