
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি আফজাল হোসেন (৪৭)। তিনি উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদীঘি গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে আফজাল হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আফজাল হোসেন নামের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।”







