
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নান্দীগ্রাম এলাকায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ক্যাম্পেইনের শুরুতে নান্দীগ্রাম এলাকার সড়কে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে স্থানীয় গ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা ও বিচারপ্রক্রিয়া সম্পর্কে উপস্থিত জনগণের মাঝে বিস্তারিত তুলে ধরা হয়। সভা শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী লায়লা খাতুন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপজেলা সমন্বয়কারী লায়লা খাতুন বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চল ও শহর এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে সহজ ও স্বল্প খরচে আইনি সেবা নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
তিনি আরও জানান, আলোচনা সভায় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তরদাতা ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ আলী।
অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।







