
নিউজ ডেস্ক : নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন দেশের যোগ্য নাগরিকরা। ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। তার আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়।
ফয়েজ আহমদ জানান, ‘ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ ২০২৫’-এর খসড়ায় উপদেষ্টা পরিষদ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ফলে তফসিল ঘোষণার আগে পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।’
বর্তমান ব্যবস্থায় প্রতি বছর ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ হয় ২ মার্চ। ফলে এর পরে যারা ১৮ বছর পূর্ণ করেন, তাদের পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হয়।
নতুন অধ্যাদেশ প্রসঙ্গে ফয়েজ আহমদ বলেন, ‘এই বিধানের ফলে ডিসেম্বরের নির্বাচনের জন্য নভেম্বর পর্যন্ত যেসব নাগরিক ১৮ বছর পূর্ণ করবেন, তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তফসিল ঘোষণার আগ পর্যন্তই এ সুযোগ থাকবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী।