
নিজস্ব প্রতিবেদক: দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এর মধ্যে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ২০ টাকা করে এবং পেট্রল ও অকটেনের দাম ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে।
রোববার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম নির্ধারণের কথা জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। কেরোসিনের দাম ১৩৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫৫ টাকা। এছাড়া পেট্রলের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং অকটেনের দাম ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও গত পাঁচ মাস দেশে তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। একই সময়ে পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই মূল্যবৃদ্ধি এখনো অব্যাহত রয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে এতদিন দেশে তেলের দাম বাড়ানো হয়নি। এতে গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের পরিবহন, কৃষি, পণ্য পরিবহনসহ বিভিন্ন খাতে জ্বালানি ব্যয়ের ওপর এর প্রভাব পড়তে পারে।







