
নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নির্বাচনী নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।
সোমবার ঢাকা-৩ আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে প্রতি ভোটকেন্দ্রে দুইজন আনসার সদস্য থাকলেও এবার প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তা জোরদারে অতিরিক্ত একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে।
তিনি আরও দাবি করেন, দেশের গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কারণে প্রতিবেশী কয়েকটি দেশে প্রচারিত মিথ্যা সংবাদ বন্ধ হয়ে গেছে।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি ঘোষণা দিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।







