বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার সারদা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল ইসলাম চারঘাট উপজেলার আলাইপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চারঘাটের সারদা ট্রাফিক মোড় হয়ে পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এরপর রাজশাহী ক্যাডেট কলেজগামী সারদা ট্রাফিক মোড়ের উত্তর পাশে মেসার্স সাফাত এন্টারপ্রাইজের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় যাত্রীবিহীন একটি অটোরিকশা চেকপোস্টে এলে সেটি তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে অটোরিকশার চালকের পায়ের কাছে একটি প্লাস্টিকের বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে বস্তাটি তল্লাশি করে সাদা পলিথিনে রাখা ২০০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদকসহ শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী ফেয়ারডিল, একটি অটোরিকশা ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার শরিফুল ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাসী ও সংঘবদ্ধ অপরাধীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।









