
নিজস্ব প্রতিবেদক: আগামীর সংসদে কোনো রাজনৈতিক দল এককভাবে সরকার গঠন করলে সেই সংসদ বেশিদিন টিকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “আগামীর সংসদে যদি কোনো দল এককভাবে সরকার গঠন করে এবং তা পরিচালনা করে, তাহলে আমরা মনে করি সেই সরকার বা সংসদ বেশিদিন স্থায়ী হবে না।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ প্রশ্নে কিংবা ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে জামায়াত বা বিএনপি- কেউই এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আন্দোলনে এনসিপি ও তরুণ প্রজন্মের অংশগ্রহণ অপরিহার্য।”
বিএনপি ও জামায়াতের সীমাবদ্ধতার প্রসঙ্গ টেনে সারজিস বলেন, “বিএনপি কখনো এককভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেনি, আবার জামায়াতও বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই আগামীর সংসদে স্থিতিশীলতা ও অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এনসিপি ও তরুণ প্রজন্মের বৃহৎ প্রতিনিধিত্ব দরকার।”
তিনি জানান, আগামী নির্বাচনে শক্তিশালী দুটি দলের একটি হতে চায় এনসিপি। “আগামীর বাংলাদেশ ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। আমরা চাই, এনসিপি আগামী নির্বাচনে শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশগ্রহণ করুক,” বলেন তিনি।
সারজিস আলম আরও বলেন, “অভ্যুত্থানবিরোধী শক্তি আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অতীতে যেভাবে কাজ করেছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন। সংসদে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে আমরা সাংগঠনিক ভিত্তি মজবুত করছি। ইতিমধ্যে দেশের প্রতিটি জেলা, মহানগর ও ইউনিট পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের কাজ চলছে।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।