
নিজস্ব প্রতিবেদক : আড়ানী পৌরসভার আড়ানী হাট-বাজারে পুরাতন নতুন জায়গা দখলমুক্ত হয়নি। পুরনো পাকা ঘর ভেঙে নতুন করে সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে। পুরাতন ভবন ভেঙে নতুন করে ভবন সম্প্রসারণ করছেন আড়ানী পৌর বিএনপির এক নেতা।
স্থানীয়দের দাবি, আগে থেকেই সেখানে তার একটি পাকা ঘর ছিল। এখন সেই ঘরকে কেন্দ্র করে হাটের সরকারি জায়গা আরও বেশি দখল করে নির্মাণ কাজ চালাচ্ছেন আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক। এতে হাটের ভেতরের চলাচলের গলি ছোট হয়ে আসছে। ক্রেতা-বিক্রেতারা পড়ছেন বিপাকে। এছাড়াও সড়কের পাশে রয়েছে আগের পাকা অবকাঠামো।
স্থানীয়দের ভাষ্যমতে,বর্তমানে আড়ানী হাট বাজারে কোনো বৈধ কমিটি নেই। আর সেই সুযোগে বাজার দেখভালের দায়িত্বে থেকে এই দখল কার্যক্রম চালাচ্ছেন তিনি।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার হাইকোর্টের অনুমতির কথা বললেও স্থানীয়দের প্রশ্ন – কবে কে আদালতের অনুমতি নিয়ে আসবে? ততদিনে তো নির্মাণ কাজ শেষ হয়ে যাবে।
অবিলম্বে অতিরিক্ত দখলকৃত জায়গা উদ্ধার ও গলি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন হাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এবিষয়ে মুঠোফোনে তোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন, যেহেতু আগে থেকেই তার ঘর ছিল, সেই জায়গাতেই ঘর করছেন। সেক্ষেত্রে সরকারি পদক্ষেপ নিতে হলে উচ্চ আদালত থেকে অনুমতি প্রয়োজন পড়বে। তবে এ বিষয়ে আমার কতৃপক্ষের সাথে কথা বলবো।







