
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫) মাদকসহ গ্রেপ্তার হয়েছেন। র্যাবের একটি দল রোববার (১৩ জুলাই) রাত ১টার দিকে নগরের মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোহেল বাবু কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্র কারবারি। দীর্ঘদিন ধরে তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রি করছিলেন। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের সময় তাকে হাতেনাতে আটক করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।
র্যাব জানায়, সোহেলের অবস্থান শনাক্ত করে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন আরেকটি মামলা দায়ের করা হয়েছে।