
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুর্গাপুর থানা দল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বী চারঘাট থানা দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে দুর্গাপুর।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার আটটি পুরুষ দল ও চারটি নারী দল অংশ নেয়।
ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশীদ। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়ায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। বিশেষ করে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দুর্গাপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের পাশাপাশি থানার সদস্যদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
প্রধান অতিথি ডিআইজি মো. আশিক সাঈদ তাঁর বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধনও দৃঢ় করে।
এদিকে নারী বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোদাগাড়ী থানা দল। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।







