
নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ৪২ মিনিটে জেলা শহরের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। জেলা পুলিশ লাইন্সে একত্রিশ (৩১) বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।
ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে বিজয়মেলা অনুষ্ঠিত হয়। দুপুরে মসজিদে বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। ভোর সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সকাল ৭টা ৪৫ মিনিটে বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল ও মডেল স্কুলে খেলাধুলা ও আনন্দমেলার আয়োজন করা হয়। সকাল ১০টায় ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে বিজয় দিবস প্যারেড অনুষ্ঠিত হয়। একই সময়ে শিক্ষার্থীদের র্যালি, পোস্টার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে জাদুঘর ও কেন্দ্রীয় উদ্যানে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়। এছাড়া কারাগার, এতিমখানা ও হাসপাতালগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
এর আগে মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের ইতিহাস স্মরণ করা হয় এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি নেতৃবৃন্দ। পরে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিকুল হক মিলন আগত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও রাজশাহী-২ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এছাড়া রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনু-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ মহানগর ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।