
নিজস্ব প্রতিবেদক: ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান, ভবিষ্যৎ গড়ুন’ -এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ, শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
কর্মসূচির শুরুতে পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন ডিআইজি আশিক সাঈদ। পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আশিক সাঈদ বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। একটি সুন্দর, বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়। রোপণের পর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে গাছগুলোকে বড় করে তুলতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত সুফল পাওয়া যাবে।
পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন ডিআইজি। এরপর পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন তিনি।
কর্মসূচিতে পুনাক চাঁপাইনবাবগঞ্জের সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







