
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ সেপ্টেম্বর ধামইরহাট ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) গোফরইমপ্যাক্ট কর্মসূচির উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে অর্থায়ন করে সুইজারল্যান্ড সরকার। কারিগরি সহযোগিতা দেয় ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশ। ধামইরহাট ও উমার ইউনিয়ন পরিষদের সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের ব্যবস্থাপক মো. পজিদুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ।
প্রশিক্ষণে জলবায়ু-সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং এসব বিষয়ে ইউনিয়নভিত্তিক পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সংস্থার উপজেলা সমন্বয়কারী রওশন জামাল চৌধুরী, ধামইরহাট পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা সজল কুমার মণ্ডলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি এবং ইএসডিওর প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশ নেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে পানি ও বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে সম্ভাব্য পদক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।







