
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে টানা ভরাবর্ষণ ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস এ খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় বিল কাঁকরামারি, গোপালপুর ও পিরোজপুর গ্রামের ভাঙনকবলিত পরিবারগুলোর মাঝে শুকনা খাবার ও জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, চারঘাট ইউপি সদস্য মোশারফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ ধরনের মানবিক সহায়তায় স্বস্তি প্রকাশ করেন।