
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পোস্ট-অপারেটিভ কেয়ারে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।
আহতের নাম আরাফাত শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং সম্প্রতি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হলের পাশ দিয়ে হাঁটার সময় কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি শাওনকে ঘিরে ধরে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা তার পেটে দুটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশে থাকা শিক্ষার্থীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, ‘‘শাওনের শরীরের দুটি স্থানে ছুরিকাঘাত হয়েছে, যার একটি অপেক্ষাকৃত গভীর। কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন সে এখন বিপদমুক্ত।’’
তিনি আরও বলেন, “ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যাচ্ছে না। আমাদের টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। যেকোনো সূত্র পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







