
নিউজ ডেস্ক: অক্টোবরের বদলে আগামী নভেম্বরে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এ ভোট শুরু হতে পারে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে ইসি জানিয়েছিল, অক্টোবরের শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের কারণে স্থানীয় সরকার নির্বাচন এক মাস পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত সময়কে নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেই অনুযায়ী আগামী নভেম্বর ধরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। তবে বিষয়টি আরও কিছু বিষয়ের ওপর নির্ভর করছে।
তিনি বলেন, ‘এখন এক মাস পিছিয়ে নভেম্বর থেকে বলছি। এর অর্থ এই নয় যে ১ নভেম্বর থেকেই ভোট শুরু হবে। কারণ অক্টোবরের শেষের দিকে আরেকটি ভোট হবে।’
ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘ইউপি নির্বাচন দিয়েই শুরু হবে। এর সঙ্গে পৌরসভাও হতে পারে। তবে এগুলোর কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’
এর আগে অক্টোবরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন এবং আগস্টের শেষে তপশিল ঘোষণার কথা জানিয়েছিল ইসি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।







