
নিজস্ব প্রতিবেদক: যীশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষ্যে বুধবার (২৫ ডিসেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।
তিনি কাশিয়াডাঙ্গা থানার বাগানপাড়া এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা এবং রাজপাড়া থানার সিটি চার্চে গিয়ে ধর্মযাজকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের আনন্দময় বড়দিন উদযাপনের শুভেচ্ছা জানান।
পরিদর্শনের সময় কমিশনার আরএমপি’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং শিশুদের নিজ হাতে কেক খাওয়ান। গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, আর উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আরএমপি’র নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।
আজ বিকেল সাড়ে ৩টায় তিনি শাহমখদুম থানাধীন ওমরপুরস্থ বিশপ হাউসও পরিদর্শন করবেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।