
নিজস্ব প্রতিবেদক
জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনা খতিয়ে দেখতে বিদ্যুৎ বিভাগকে দুটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
আজ মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানান, বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয়পক্ষের একটি কমিটি বিভ্রাটের কারণ খুঁজে বের করতে কাজ করবে।
আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে একযোগে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ চলে গিয়ে অন্ধকার হয়ে যায়।
এদিকে, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন ছিল। তবে চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার উত্তরা, গুলশান, বারিধারা ও মিরপুরসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।
এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, মানিকগঞ্জ, গাজীপুর (আংশিক), চট্টগ্রাম, সিলেট (আংশিক) ও নারায়ণগঞ্জ (আংশিক)।