
নিউজ ডেস্ক : জুলাই গণহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী ১০ জুলাই দেওয়া হবে। সোমবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।
এ মামলায় শেখ হাসিনার সঙ্গে অপর দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সোমবার সকালে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ১ জুলাই প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুক্তি উপস্থাপন করেন। আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন শুনানিতে অংশ নেন। আলোচিত এ শুনানি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়।
গত ১২ মে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচার হত্যার নির্দেশদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
এরও আগে, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল। পরে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে তদন্ত কর্মকর্তারা সময় পান এবং প্রতিবেদন জমা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে নির্বিচার গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়ী বলে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারকাজ চলছে।







