
নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৩০ জুনের পর আর একদিনও দায়িত্বে থাকতে চান না বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর যমুনা সরকারি বাসভবনে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রেস সচিব।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন, ৩০ জুনের পর তিনি ক্ষমতায় থাকবেন না।”
প্রেস সচিব আরও জানান, সব রাজনৈতিক দল নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। তিনি বলেন, “পার্টির লিডাররা ড. ইউনূসকে সমর্থন জানিয়েছেন। সংস্কার, বিচার প্রক্রিয়া এবং নির্বাচন আয়োজন—সবকিছুতেই রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন রয়েছে।”
এদিনের বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলামী পার্টি ও হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, নির্বাচন এবং স্বৈরতন্ত্রবিরোধী বিচারিক কার্যক্রম নিয়ে নানা পরামর্শ দেন।
প্রেস সচিব আরও জানান, “সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সরকার তার অবস্থান স্পষ্ট করবে। সর্বদলীয় ঐক্যের বিষয়ে দলগুলোর মতামত শুনে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
এর আগে শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, “ডিসেম্বর থেকে জুন—এই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়া হবে না।”







