
দুর্গাপুর প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত সহিংসতার বিচার ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দুর্গাপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলটি পানি উন্নয়ন বোর্ডের (ধানহাটা) মাঠ থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট নুর আলম, দেলুয়াবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান, ড. সেলিম রেজা খান ও ইসলামী ছাত্রশিবির নেতা জাহিদুর রহমান প্রমুখ। এ সময় জামায়াতের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা দিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। তাঁর অভিযোগ, ওই হামলা ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের ওপর আঘাত। তিনি পল্টনে সংঘটিত সহিংসতার বিচার নিশ্চিত করা এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তারা ২৮ অক্টোবরের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান। দীর্ঘদিন পার হলেও এসব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।







