
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার মিটার চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মো. মজিদ (৪৫), পেশায় ভাঙড়ি দোকানদার। সে বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা (পন্ডিতপাড়া)গ্রামের গোলাম রসুলের ছেলে।
বাঘা পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় পানি সরবরাহের মিটার চুরির ঘটনা ঘটে। বিষয়টি নজরে আসার পর অভিযুক্তকে শনাক্ত করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার নুসরাত জাহান। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান,আদালত অভিযুক্ত মজিদকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
পৌরসভা থেকে জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পানি সরবরাহের মিটার পৌরবাসীর গুরুত্বপূর্ণ নাগরিক সেবার অংশ। মিটার চুরি বা নষ্ট করার কারণে পানি সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ নাগরিকদের ভোগান্তি ও আর্থিক ক্ষতির সৃষ্টি হয়।
“আমাদের লক্ষ্য কোনো ব্যক্তিকে হয়রানি করা নয়, বরং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা।”
পৌরবাসীর ন্যায্য নাগরিক অধিকার ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের চুরি, অনিয়ম ও জনদুর্ভোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে পৌরবাসীকে সচেতন থাকার পাশাপাশি পানি সরবরাহের মিটার বা পৌরসভার কোনো সম্পদে অনিয়ম, চুরি বা ক্ষতিসাধনের ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানিয়েছে বাঘা।







