
নিজস্ব প্রতিবেদক, বাঘা: রাজশাহীর বাঘায় আকলিমা বেগম (২৫) নামের এক নারী স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার ছাড়াই শিশু তিনটির জন্ম হয়। তবে জন্মের মাত্র তিন ঘণ্টার মাথায় নবজাতকরা মারা যায়।
আকলিমা বেগম উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের গার্মেন্টস কর্মী সোহেল রানার স্ত্রী। এটি ছিল তাদের প্রথম সন্তান।
চিকিৎসকেরা জানান, শিশু তিনটি অপরিণত বয়সে (প্রায় ছয় মাস গর্ভকাল শেষে) জন্ম নেয়। এ কারণেই তারা বাঁচিয়ে রাখা সম্ভব হয়নি। তবে মা সুস্থ আছেন।
আকলিমার ভাই পল্লী চিকিৎসক জহুরুল ইসলাম জানান, প্রসব বেদনা ওঠার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাভাবিক প্রসবে তিন কন্যার জন্ম হলে পরিবার আনন্দিত হয়। পরে নবজাতকদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে সেখানে একে একে তিনজনই মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান বলেন, পরীক্ষা-নিরীক্ষায় আগে থেকেই তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হয়েছিলেন তারা। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসব করাতে সক্ষম হওয়া চিকিৎসকদের জন্য ইতিবাচক হলেও, শিশুদের অপরিণত জন্ম হওয়ায় তাদের বাঁচানো যায়নি।