
নিউজ ডেস্ক: ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে বড় পরিসরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন এবং সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সচেতনতা বাড়ালে এই রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশা-র কামড়ের মাধ্যমেই মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও এখন এটি নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই। জমে থাকা পানিতে মাত্র তিন দিনের মধ্যেই এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই ড্রেন, ডোবা, নর্দমা এবং আশপাশে কোথাও পানি জমে থাকতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা বাড়ির ছাদ ও কার্নিশে জমে থাকা পানিও নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একবার ঘর ও আশপাশ পরিষ্কার করার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, আসন্ন বর্ষা মৌসুমের আগেই অর্থাৎ ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন সক্রিয়ভাবে অংশ নেবে।
এ সময় তিনি জাতীয় সংসদের সদস্যসহ সব স্তরের জনপ্রতিনিধিদের আহ্বান জানান জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে।
প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে। তিনি সরকারের স্বাস্থ্যনীতির মূল নীতির কথা উল্লেখ করে বলেন, “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।”