
নিউজ ডেস্ক : সম্প্রতি উপদেষ্টা পরিষদের দেওয়া এক বিবৃতিকে ‘অস্পষ্ট ও বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির দাবি, সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতার অভিযোগ বাস্তবের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ মন্তব্য করেন।
উল্লেখ্য, ২৪ মে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বলা হয়, “পরাজিত শক্তির ইন্ধনে ও বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব হয়ে উঠলে, সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবে।”
এই বিবৃতির জবাবে ড. মোশাররফ বলেন, “সরকার পরিচালনায় নিরপেক্ষতা ও সক্ষমতার ঘাটতির কারণে জনমনে সংশয় তৈরি হয়েছে। আমরা শুরু থেকেই উপদেষ্টা পরিষদকে সহযোগিতা করে এসেছি। এখন বিভ্রান্তিকর অভিযোগ তুলে যে পরিবেশ তৈরি করা হচ্ছে, তা আত্মঘাতী।”
তিনি আরও বলেন, “পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রের মতো বক্তব্য রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করে। এর একমাত্র সমাধান একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন। এজন্য দ্রুত একটি সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণা জরুরি।”
খন্দকার মোশাররফ বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি তুলে বলেন, “সরকার নিরপেক্ষ অবস্থান না নিলে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় যারা বাধা হয়ে দাঁড়ায়, তাদের দায়িত্বে রাখা ঠিক নয়।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজউদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।







