
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি (জাপা) কোনো সুবিধাবাদী দল নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের স্বার্থেই কাজ করে যাবে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, “জাতীয় পার্টিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। কিছু মানুষ উদ্দেশ্যমূলকভাবে আমাদের হেনস্তা করতে চাইছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আমাদের বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নাকি সুবিধাবাদী ও সুবিধাভোগী।”
তিনি এসব অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেন, “জাতীয় পার্টির অধিকাংশ নেতাকর্মী সবসময় জনগণের পাশে ছিল এবং আজও রয়েছে। জনগণের স্বার্থেই তারা আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”
দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে জি এম কাদের বলেন, “সুবিধাবাদী কেউ জাতীয় পার্টির নেতৃত্বে আসবে না। যারা তৃণমূলে কাজ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন- তারাই দলের ভবিষ্যৎ নেতৃত্বে আসবেন। এখনই সময় অপপ্রচার ও দুর্নামের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।”
বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।







