
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -এর ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন শুক্রবার সকাল থেকে নিজ নির্বাচনী এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করেছেন। বিজয়ের পরদিনই তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পরিদর্শন করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিন বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হলে পথের দু’ধারে দাঁড়িয়ে সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। অনেকেই শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর পবা-মোহনপুরের মানুষ তাদের প্রত্যাশার প্রতিফলন পেয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
অ্যাডভোকেট শফিকুল হক মিলন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ জন্য তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ- তাই এই ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।