
নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ী চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার প্রতি আস্থা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে দেশ স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে যাবে। তিনি তারেক রহমানের পিতা জিয়াউর রহমান এবং মাতা খালেদা জিয়া-র আদর্শ ও নেতৃত্বের কথাও স্মরণ করেন।
বার্তায় তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের এক গুরুত্বপূর্ণ সময়ে রয়েছে। এ প্রেক্ষাপটে সুসমন্বিত নেতৃত্ব ও প্রজ্ঞার প্রয়োগ অপরিহার্য।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে।
পরিশেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সকল উদ্যোগ সফল হোক-এই কামনা করেন তিনি।