
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে পৃথক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১২ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দুর্গাপুর থানার মামলা নম্বর ১২(১০)২৬-এর আসামি মো. আব্দুস সালাম (৪০), সিআর মামলা নম্বর ২১৯/২২-এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মাহাবুব আলম এবং চারঘাট থানার সিআর মামলা নম্বর ৪৩৫/২৪-এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মোয়াজ্জেম হোসেন সোনার।
আব্দুস সালাম দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া (চকপাড়া) গ্রামের আব্দুর রহমানের ছেলে। মাহাবুব আলম উপজেলার রসুলপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। আর মোয়াজ্জেম হোসেন সোনার পলাশবাড়ী গ্রামের জনাব আলীর ছেলে।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।







