
নিউজ ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ কে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশের মোট দুই হাজার ৮৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বিজিবি সদস্যরা। এর মধ্যে ৪৩০ প্লাটুন মোতায়েন করা হয়েছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, নিরাপত্তার আওতাভুক্ত পূজামণ্ডপগুলোর মধ্যে সীমান্তবর্তী (সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ) এলাকায় রয়েছে এক হাজার ৪১১টি এবং সীমান্তের বাইরে এক হাজার ৪৪৬টি পূজামণ্ডপ।
রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মোট ৪৪১টি, চট্টগ্রাম মহানগরীসহ রাউজান ও রাঙ্গুনিয়ায় ৬৯৪টি এবং অন্যান্য স্থানে ৩১১টি পূজামণ্ডপ রয়েছে। এসব স্থানে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি সীমান্ত অঞ্চলে বিশেষ টহল চালানো হচ্ছে।
এছাড়া, সীমান্তবর্তী এলাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
শরীফুল ইসলাম বলেন, “জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি সারাদেশে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে।