
স্টাফ রিপোর্টার: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং সার–কীটনাশকের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও মনিটরিং পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ মার্চ) উপজেলার বিভিন্ন বাজারে এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি জব্দ করা মেয়াদোত্তীর্ণ কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, রমজানকে কেন্দ্র করে কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াতে না পারে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। পাশাপাশি প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।