
নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৬ জুলাই) বিকেলের মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদদের ভাষ্য অনুযায়ী, রাজস্থান থেকে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ুর অক্ষ এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থান বৃষ্টিপাতের প্রবণতা বাড়াচ্ছে। এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে।
৫ দিনের আঞ্চলিক পূর্বাভাস:
রোববার (৬ জুলাই): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায়, আর রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি।
সোমবার (৭ জুলাই): একই ধারা অব্যাহত, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার (৮ জুলাই): চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটে বেশি এবং অন্যান্য অঞ্চলে কমবেশি বৃষ্টি। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার (৯ জুলাই): দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বেশি এবং অন্যান্য এলাকায় কিছু কিছু স্থানে বৃষ্টি।
বৃহস্পতিবার (১০ জুলাই): রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বেশি এবং বাকি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশেই বৃষ্টিপাতের এই ধারা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।







