
নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে বাজার তদারকি ও মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বেশি দামে মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে বানেশ্বর বাজার এলাকায় এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।
অভিযানকালে বাজারের দুটি মাংসের দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করা এবং দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। এ ছাড়া বাজারে বিভিন্ন ধরনের অসংগতি পরিলক্ষিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করেন। ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, বাজারে পণ্যের সঠিক মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।







