
মশিউর রহমান : রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৬নং জিউপাড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলার নকুলবাড়ীয়া স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের কর্মীসহ কয়েক হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০০৮, ২০১৮ এবং ২০২৬ সালের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, “এই অঞ্চলের মানুষ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বহুদিন অপেক্ষা করছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতেই আমি নির্বাচন করছি। সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন ও রাজনৈতিক হয়রানির বিরুদ্ধে জনগণ এবার সঠিক সিদ্ধান্ত নেবে। ধানের শীষের পক্ষে বিপুল জনসমর্থনই তা প্রমাণ করে।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা নির্বাচন পরিচালনায় কৌশলগত প্রস্তুতি, কেন্দ্রভিত্তিক কমিটি, ভোটার তদারকি এবং মাঠপর্যায়ে সংগঠন শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় নেতাকর্মীরা একযোগে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে বিজয়ী করার জন্য সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।